গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

চরমোনাই পীর ভণ্ড, জামায়াত জাতীয় বেইমান: শহীদ উদ্দীন এ্যানী

সলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সোমবার (২২ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নাম সরাসরি উল্লেখ না করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, "চরমোনাই পীর বলে, পীর নয় ভণ্ড। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, শেখ হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার পেছনে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের কাছে আরেকটি জাতীয় বেইমান।"

তিনি আরও প্রশ্ন করেন, "আজকে নির্বাচনের বিরুদ্ধে তারা যে আন্দোলন করছে, বিগত ১৭ বছর তারা কোথায় ছিল? তখন তো আমরা পাখা মার্কা দেখিনি।"

একইভাবে জামায়াতের সমালোচনা করে এ্যানী বলেন, "পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের ভূমিকা এবং তারা ১৯৮৬ ও ১৯৯৬ সালে শুধু আমাদেরকেই অসহযোগিতা করেনি, পুরো জাতিকে অসহযোগিতা করেছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা আওয়ামী লীগের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে পরিচিতি পেয়েছে।"

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "যখন আপনারা ক্ষমতার জন্য আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন, দেশের মানুষ সেই বেইমানি ভুলে যায়নি। আজ আবার ভিন্ন নামে, ভিন্ন ছদ্মবেশে মাঠে নামতে চান। কিন্তু জাতি আর আপনাদের এই ভণ্ডামিকে বিশ্বাস করবে না। জনগণের ওপর আঘাত করার এই রাজনীতি বন্ধ করতে হবে।"

সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচনের দাবির আন্দোলন নিয়ে তিনি বলেন, "ইসলামের নামে তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব জাতীয় বেইমানকে চিহ্নিত করতে হবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করব।"

সভায় উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজামসহ অনেকে।