চার দিন পর অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩
ফেনীর সোনাগাজীতে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মূল অপহরণকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর সোনাগাজী উপজেলার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণ করা হয়। অভিযোগ ওঠে একই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র এরশাদ উল্লাহর (১৭) বিরুদ্ধে। অপহরণের পর পুলিশ টানা অভিযান চালায়। অবশেষে বুধবার রাতে চরসাহাভিকারি গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের সময় পুলিশ অপহরণকারী এরশাদ উল্লাহকে গ্রেফতার করে। একই সাথে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে মিজানুর রহমান এবং ইসমাইল হোসেনকেও গ্রেফতার করা হয়েছে। তিনজনই সোনাগাজীর বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এরশাদ উল্লাহ, তার বাবা-মা এবং অপর দুই সহযোগীর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে পাঠানো হবে।