প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর বংশাল এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী এক যুবক মারা গেছেন। আজ সোমবার সকালে নাজিরাবাজার চৌরাস্তার কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম আমিন, যিনি একটি বেকারির দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী জিসান জানান, সকাল সোয়া ৯টার দিকে আমিন সাইকেল চালিয়ে নাজিরাবাজারের কাজি আলাউদ্দিন রোডের দিকে যাচ্ছিলেন। হঠাৎই তিনি সাইকেলসহ রাস্তায় জমে থাকা পানিতে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত বাঁশ দিয়ে ধাক্কা দিয়ে তাকে পানি থেকে সরিয়ে নেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর সকাল পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন। জিসানের ধারণা, রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকেই কোনোভাবে বিদ্যুৎ পানিতে চলে এসেছিল। নিহত আমিনের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তিনি রাজধানীর হাজারীবাগ এলাকার বিজিবি এক নম্বর গেটে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।