প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ , ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ
বিশ্ব ফুটবলে অসামান্য প্রতিভা, তারকা খ্যাতি, আলো–ঝলমল সাফল্য—সবকিছু সঙ্গী হয়েও যেন বিবর্ণ নেইমার। ইনজুরি নামক শব্দটাই বারবার লন্ডভন্ড করে দিয়েছে তার ক্যারিয়ারকে। গত কয়েক বছরে যখনই আশায় বুক বেঁধেছেন, খাদের কিনারা থেকে উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন, তখনই নতুন করে ইনজুরি ভেঙে দিয়েছে তার সব পরিকল্পনা। বিশ্ব ফুটবলে তার মতো দুর্ভাগা তারকা খুঁজে পাওয়া সত্যিই বিরল।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচেই গুরুতর এসিএল ইনজুরিতে পড়েন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এরপর থেকে অপেক্ষাই হয়ে ওঠে তার একমাত্র সঙ্গী। মাঝে দুবার জাতীয় দলে ডাক পেলেও ফিটনেস সমস্যার কারণে শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি।
এ বছর মে মাসে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি যখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন, তখন নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়। নেইমারের সেরে ওঠার জন্য সময় দিয়ে আলোচনা করেই জুনে তাকে দলে রাখেননি কোচ। আশা ছিল সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বে ফিরে আসবেন তিনি। ব্রাজিল অবশ্য আগেই নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনেইরোতে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ খেলবে সেলেসাও। এ দুই ম্যাচের জন্য সান্তোসের হয়ে নিয়মিত পারফর্ম করে নিজেকে তৈরি করেছিলেন নেইমার।
কিন্তু ভাগ্য ফের বাঁধা হয়ে দাঁড়াল। গত বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনে হঠাৎ উরুতে চোট পান নেইমার। এরপর দুই দিন তিনি শুধু জিম সেশনে অংশ নেন। শুরুতে ক্লাব কর্তৃপক্ষ ভেবেছিল চোটটি গুরুতর নয়। কিন্তু বিস্তারিত পরীক্ষা–নিরীক্ষার পর জানা গেছে, মাংসপেশিতে বড় ধরনের সমস্যা ধরা পড়েছে এবং ইনজুরিটি বেশ গুরুতর। সান্তোস ইতোমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) মেডিকেল বিভাগকে বিষয়টি জানিয়েছে। জাতীয় দলের চিকিৎসকরা চাইলে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানিয়েছে ক্লাবটি।
ইনজুরিতে পড়ার আগে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন নেইমার। সেই পারফরম্যান্সই সমর্থকদের মনে জাগিয়েছিল জাতীয় দলে ফেরার আশা। তবে নতুন এই ইনজুরির কারণে কোচ আনচেলত্তি তাকে নিয়ে ঝুঁকি নেবেন না, এটা এখন প্রায় নিশ্চিত। ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
আগামী ৩১ আগস্ট সান্তোসের অনুশীলনে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের। সপ্তাহখানিকের মধ্যে হয়তো ক্লাবের হয়ে ম্যাচেও দেখা যেতে পারে তাকে। কিন্তু ব্রাজিল জাতীয় দলে তার ফেরা যে আপাতত হচ্ছে না, সেটা এখন প্রায় নিশ্চিত।