প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী চলা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির কাছে মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি তার পদত্যাগপত্র হস্তান্তর করেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি নৈতিক দায়কে উল্লেখ করেছেন। একজন মন্ত্রীর বরাত দিয়ে জানা গেছে, বিক্ষোভে ১৯ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হওয়ার ঘটনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, রমেশ লেখক গত ১৫ জুলাই, ২০২৪ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ‘জেন-জি’ তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে ১৯ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হওয়ার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল।