বিএনপি-জামায়াতকে একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান এবি পার্টির চেয়ারম্যানের
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা দূর করতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতি একজোট হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাত্র সাত বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে। এখন দেশের বৃহত্তর স্বার্থে একজোট হয়ে একই প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায়?”
সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন শ্রমিকবিষয়ক সহসম্পাদক আজিজা সুলতানা। বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান। বক্তব্যে মজিবুর রহমান আরও বলেন, নির্বাচনের বৈধতা নিয়ে মানুষের মনে অনিশ্চয়তা আছে। জুলাই সনদ ইস্যুতে ঐকমত্যে পৌঁছানো গেলেও রাজপথের আন্দোলন নিয়ে আবার সংশয় তৈরি হয়েছে। তাঁর মতে, বিএনপি-জামায়াত একজোট হলে নির্বাচনকে ঘিরে আর কোনো শঙ্কা থাকবে না।
তিনি নতুন রাজনৈতিক দলগুলোর বিভাজনকেও দেশের অগ্রগতির অন্তরায় হিসেবে উল্লেখ করেন। “অনেকে দ্রুত নির্বাচন আর ক্ষমতায় যাওয়ার চিন্তায় মেতে আছে। কিন্তু এবি পার্টি মনে করে আগে দেশকে গড়ে তোলা দরকার, তারপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা।” গণহত্যার দায়ীদের বিচারের দাবিও জানান এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, “যারা জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, তাদের বিচারের আওতায় আনতেই হবে।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আহ্বান জানান, নিজেদের দলীয় স্লোগান আপাতত থামিয়ে জনগণের স্লোগানকে গুরুত্ব দিতে। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, শ্রমিকরাই দেশকে বদলে দিতে পারে, তাই তাদের এগিয়ে আসতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হালিম নান্নু, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী প্রমুখ।