গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

বাসের ধাক্কায় শিশুর মৃত্যু ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বাস

মুন্সীগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আরভি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারায় সে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টংগিবাড়ী উপজেলার রান্ধুনি বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার আলমগীর শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানিয়েছে, শিশুটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, সেসময় ঢাকা থেকে আসা 'বেতকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিবার চাইলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।