গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ , ০১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

বাংলাদেশের প্রশংসা করলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের প্রশংসা করেছে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশকেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হওয়া বার্মার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি তারা সমর্থন জ্ঞাপন করছে এবং বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের আশ্রয়দানে অব্যাহত ভূমিকার জন্য সাধুবাদ জানাচ্ছে।


এদিন কক্সবাজারে তিন দিনের ‘স্টেকহোল্ডার সম্মেলন’ও শুরু হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অংশ নেবেন। সম্মেলন থেকে প্রাপ্ত প্রস্তাব ও বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ সরকার।


উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। আগে থেকেই ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৭ সালের শেষ দিকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য রাজি হয় এবং ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতেও সই করে। এরপর কয়েক দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে অগ্রাধিকারে রাখলেও আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে।