গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:২৫ এএম

অনলাইন সংস্করণ

#

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকে আটক ৮১ মিলিয়ন ডলার ফেরতের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রায় নয় বছর পর ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করে ফেরত আনার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের ভিত্তিতে গত বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেন।


রোববার মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। তিনি বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে পাচার করা হয়েছিল। আদালতের আদেশের মাধ্যমে এখন ওই অর্থ ফেরত পাওয়ার পথ সুগম হলো।


সিআইডি প্রধান জানান, শ্রীলঙ্কা থেকে এর আগে ২০ মিলিয়ন ডলার ফেরত এসেছে। তবে আরসিবিসির মাধ্যমে ফেরত পাওয়া গিয়েছিল মাত্র ৬৮ হাজার ডলার। আদালতের নতুন নির্দেশনায় পুরো অর্থ বাজেয়াপ্ত করে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হবে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটর এহসানুল হক সমাজী বলেন, আদালতের নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সাইবার হামলার মাধ্যমে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের ব্যাংকে পাচার হয় এবং জুয়া ব্যবসার মাধ্যমে অর্থ সাফ হয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় সাইবার জালিয়াতির ঘটনা হিসেবে বিবেচিত।


সরকারি পর্যায়ে তদন্ত ও আদালতের আদেশের পর এবার অর্থ উদ্ধারের কার্যক্রম নতুন করে গতি পাবে বলে আশা করা হচ্ছে।