প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ , ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির সুখবর এসেছে। তাঁদের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা আগামী ১ নভেম্বর থেকে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠিয়েছে। গত ২৮ অক্টোবর সই করা চিঠিতে কয়েকটি শর্তে ১ নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা কয়েকটি শর্তে পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।
এরপরের সুখবরটি হলো, ২০২৬ সালের ১ জুলাই থেকে এই ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ; অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হলো।
ভাতা প্রাপ্তির শর্তাবলি:
পরবর্তী বেতন স্কেলে অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করতে হবে।
এমপিওভুক্তির নীতিমালা (যেমন: 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১' ইত্যাদি) এবং সরকার থেকে সময়ে সময়ে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র ও নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে।
বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না।
ভাতা দেওয়ার ক্ষেত্রে সব আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে এবং এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ এ অনিয়মের জন্য দায়ী থাকবেন।