গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ১১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

বাড্ডায় বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নিচতলার কারখানা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডার পূর্বাচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


নিহত দুজনই ওই ভবনে অবস্থিত ইবনে কাসীর ক্যাডেট মাদরাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে। নিহত সাইফুল উক্ত মাদরাসার ক্রয়-বিক্রয় বিভাগে এবং শাকিলা একই মাদরাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।


মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে, সাইফুল ও শাকিলা বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে ওই বাড়ির নিচতলার বন্ধ কারখানা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পরে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।