প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ , ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ
আসন্য জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন—এমন ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার (২২ অক্টোবর) উপজেলার আওনা ইউনিয়নের পাখিমারা দৌলতপুর এলাকায় গণসংযোগকালে তিনি সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের কবর জিয়ারত করেন।
সেসময় আব্দুল আওয়াল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে একে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে সামাজিক সৌজন্য বলেও মনে করছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “জামায়াত প্রার্থীর এমন উদ্যোগ আমাদের অবাক করেছে। তবে তিনি এলাকায় বেশ সৌজন্যপূর্ণ আচরণ করছেন, এটিই হয়তো তার বার্তা।”
এ বিষয়ে অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, “আমি গত পরশুদিন ঐ এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম। যাওয়ার পথে তার কবর সামনে পড়ে। মতিয়ার রহমান আমার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন; আমি তার চেম্বারে দুই-তিন বছর ছিলাম। তিনি জেলা বার সমিতির সাবেক সভাপতি ছিলেন। সেই হিসাবে আমি তার কবর জিয়ারত করেছি। কিন্তু বিষয়টি যেভাবে নেওয়া হয়েছে, আসলে সে রকম নয়।”
উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পিতা অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।