প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ
নিজেদের ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ আলবেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন।
প্রেসিডেন্ট বেগাজ জানান, তার দেশে শ্রমশক্তির ব্যাপক প্রয়োজন। তিনি উল্লেখ করেন, "ইতিমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন করেছে।" দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে আলবেনিয়ার প্রেসিডেন্ট পর্যটন খাতেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশি পর্যটকদের আলবেনিয়ার দক্ষিণ উপকূল পরিদর্শনের আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস আলবেনিয়ার এই প্রস্তাবকে স্বাগত জানান। তিনি মন্তব্য করেন যে, বাংলাদেশের তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা সম্ভব। একই সঙ্গে তিনি আলবেনীয় সরকারের প্রতি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয়, এই বিষয়টিও তিনি উল্লেখ করেন।
জবাবে প্রেসিডেন্ট বেগাজ জানান, তার সরকার বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। পাশাপাশি, তিনি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশ কেবল সাধারণ শ্রমিক নয়, চিকিৎসক, নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষিখাতের কর্মীসহ বহুমুখী শ্রমশক্তি সরবরাহ করতে প্রস্তুত। এই বিষয়ে দ্রুত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়াও, আলবেনিয়ার প্রেসিডেন্ট জানান, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।