গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৭:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

আখাউড়া স্থলবন্দরে ৯ দিন বন্ধ আমদানি-রপ্তানি

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার করতে পারবেন।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানিয়েছেন, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত এই ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৮ অক্টোবর বুধবার থেকে আবার সব কিছু স্বাভাবিক হবে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রীদের সুবিধার জন্য কাস্টমসের কার্যক্রম চালু থাকবে। এদিকে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন যে, পূজার ছুটিতেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।