গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ০১:২০ পিএম

অনলাইন সংস্করণ

#

আজ থেকে জাটকা শিকারের ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার আজ শনিবার (১ নভেম্বর) থেকে সাগর ও নদীতে আট মাসব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে। মৎস্য বিভাগের এই নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে।


এই নিষেধাজ্ঞার আওতায় ১০ ইঞ্চির (বা ২৫ সেন্টিমিটারের) ছোট ইলিশ (জাটকা) ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় এবং মজুত করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই বিধিনিষেধ সম্পূর্ণরূপে বলবৎ থাকবে।


আইন অমান্যকারীদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। পূর্বের আইনে এটি ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান ছিল।


মৎস্য অধিদফতর সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কঠোরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে বিশেষ অভিযান চালানো হবে।


এর আগে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়ন করা হয়েছিল।