গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ০১:১৪ পিএম

অনলাইন সংস্করণ

#

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সক্রিয় সিম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১ নভেম্বর) থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অতিরিক্ত সিমগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া মোবাইল অপারেটররা আজ থেকেই শুরু করবে।


সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, বৃহস্পতিবারের (৩০ অক্টোবর) পরই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়ার কথা ছিল। এর আগে গত ৩০ জুলাই সংস্থাটি ঘোষণা করেছিল যে, একজন ব্যক্তির নামে ১০টির বেশি সিম থাকতে পারবে না এবং নভেম্বর মাস থেকে অতিরিক্ত সিম বন্ধ করা শুরু হবে। গ্রাহকদের সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে এই অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার করার সুযোগ দেওয়া হয়েছিল। এর পূর্বে একজন নাগরিক একটি এনআইডি’র বিপরীতে ১৫টি সিম ব্যবহার করতে পারতেন।


বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী গণমাধ্যমকে বলেন, শনিবার (১ নভেম্বর) থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডি’র নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।


পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা হলো ১৮ কোটি ৬২ লাখ, অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা মাত্র ৬ কোটি ৭৫ লাখ। যদিও ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে, তবে ১১টির বেশি সিম ব্যবহার করেন এমন গ্রাহকের সংখ্যা ৩ শতাংশ।


বিটিআরসি সূত্র জানিয়েছে, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা রোধের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। গ্রাহকরা নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা অনলাইনে বা *১৬০০২# ডায়াল করে যাচাই করতে পারবেন।


উল্লেখ্য, সিম বন্ধ করার ক্ষেত্রে ‘দৈবচয়ন’ (Random Selection) নীতি অনুসরণ করা হবে। এর ফলে একজন গ্রাহকের এনআইডি দিয়ে নিবন্ধিত অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ সিমকার্ডও বন্ধ হয়ে যেতে পারে।