গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ , ১০:৩৫ এএম

অনলাইন সংস্করণ

#

আজ জানা যাবে হাসিনার মামলার রায়ের তারিখ


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জানা যাবে।


বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এই দিনক্ষণ ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।



মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সাবেক আইজিপি মামুন এই মামলায় 'অ্যাপ্রুভার' (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।


গত ২৩ অক্টোবর এই মামলার বিচারকাজ শেষ হয়েছিল। সে সময় তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের তারিখ জানানোর জন্য ১৩ নভেম্বর দিন ধার্য করেছিলেন। সেদিন ট্রাইব্যুনাল ইঙ্গিত দিয়েছিলেন যে রায়ের তারিখটি অল্প সময়ের মধ্যেই হবে।



শেখ হাসিনার বিরুদ্ধে করা এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


জানা গেছে, নিয়মিত দায়িত্বপালনকারী সদস্যদের পাশাপাশি আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও, সেনাবাহিনী, বিজিবি এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিয়োজিত থাকবেন।


সুপ্রিম কোর্ট এলাকায় দায়িত্ব পালনকারী একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় যেকোনো ধরনের নাশকতা, হট্টগোল বা অপতৎপরতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বিভিন্ন স্তরে বজায় থাকবে।