প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ , ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট টেস্টে ব্যাট হাতে প্রথম দিনে দাপট দেখিয়েছিলেন আইরিশ ব্যাটাররা। এরপরই হাসান মাহমুদ জানিয়েছিলেন এই উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হাসানের সেই কথাকে সত্য প্রমাণ করেছেন টাইগার ব্যাটাররা। ব্যাট করতে নেমে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে ২৮৬ রান তুলেছিল আইরিশরা। আর বাংলাদেশ করেছে ৫৮৭ রান, এতে ৩০১ রানের লিড পেয়েছে লিটন-শান্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চায়ের দেশে তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন দ্বিতীয় দিনে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় (১৬৯)* ও মুমিনুল হক (৮০)*। এদিন ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন জয়। ২৮৬ বলে ১৭১ রান করেছেন তিনি।
এর ৯ বল পরেই সাজঘরে ফেরেন মুমিনুল। ১৩২ বলে ৮২ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ৫২ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শান্ত। তাঁকে সঙ্গ দেন লিটন কুমার দাস। দু'জনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৪ উইকেট হারিয়ে ৪৬০ রান তুলতে পারে টাইগাররা।
দ্বিতীয় সেশনে মাঠে নেমে ৫৩ বলে ফিফটি তুলে নেন লিটন। কিন্তু পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৬৬ বলে ৬০ রান করে ফেরেন এই ক্রিকেটার। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে ছুটতে থাকেন শান্ত। ১১২ বলে টেস্টে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন তিনি।
তবে ১ বল পরেই সাজঘরে ফিরতে হয়েছে শান্তকে। ৩৩ বলে ১৭ রান করে তাঁকে সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সেশনের শেষ দিকে হাসান মাহমুদ আউট হলে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল।