প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ , ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ
আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মৃত্যু এবং ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুষ অঞ্চলের খোলমের মাজার-ই-শরীফ শহরের কাছে। এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে সংঘটিত হয়।
ভূমিকম্পের সময় গভীর রাতে আতঙ্কিত বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পের আঘাতে পবিত্র মাজার-ই-শরীফের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে পড়েছেন। রাত থেকেই উদ্ধারকাজ চলছে এবং আশঙ্কা করা হচ্ছে, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে হিন্দুকুষের পাহাড়ি এলাকায় ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলের কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।
চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, যা ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি এবং তাতে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়াও, ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।