প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো 'বাংলাদেশ লেবার পার্টি'। হাইকোর্টের আদেশে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।
দলটির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান ২০২৩ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বছরের ৫ নভেম্বর রুল জারি করে জানতে চেয়েছিল, কেন লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হবে না।
এরপর রুলের শুনানি শেষে এই বছরের ২৯ মে হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেয়। আদালতের রায়ের প্রায় চার মাস পর দলটি এই নিবন্ধন পেলো।
নির্বাচন কমিশনের দেওয়া সনদে বলা হয়েছে, 'দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২'-এর বিধান এবং গত ২৯ মে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 'বাংলাদেশ লেবার পার্টিকে' রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করা হলো।