প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ , ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আদালতে আনা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয় বলে সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক শেখ কামাল নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে শুনানি হবে। তৌহিদ আফ্রিদিকে এর আগে রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। তার আগেই গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয় তার বাবা নাসির উদ্দিনকে। পরে আদালত তাকে এ মামলায় ৫ দিনের রিমান্ডে দেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তায় আন্দোলনে যোগ দেন মো. আসাদুল হক বাবু। ওইদিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি তার বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।