গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:২৬ এএম

অনলাইন সংস্করণ

#

৬ বছর পর ডাকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

দীর্ঘ ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


নির্বাচন আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।


এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।


এবার মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোট দেবেন, যার মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।