প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর অবশেষে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা। যদিও তিনি দেশে ফিরেছেন, তবে বেশিরভাগ সময় কাটছে নিভৃতে। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর নিজের বাড়িতে অবস্থান করছেন, যা তার অনুপস্থিতিতে প্রায় খালি পড়ে থাকতো।
এর আগে শাবানা সবশেষ দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। সে সময় তিনি জানিয়েছিলেন, সুযোগ পেলে কিছু কাজ করার ইচ্ছা আছে। তার স্বামী ওয়াহিদ সাদিকও ইঙ্গিত দিয়েছিলেন যে, পরিবেশ অনুকূল হলে শাবানা প্রযোজনায় ফিরতে পারেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হয়নি, এবং তিনি আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান। এর আগে ২০১৭ সালেও তিনি একবার দেশে এসেছিলেন।
ষাট দশকে শিশুশিল্পী হিসেবে 'নতুন সুর' সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল। এরপর 'চকোরী' সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি হঠাৎ করেই চলচ্চিত্র জগৎ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে তিনি স্বামী, সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন।