৪ নতুন মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল
বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় মাহফুজুর রহমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখান। এই মামলায় আরও দুই আসামি হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।
এদিন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম আসামিদেরকে কারাগার থেকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে কথা বলেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন মাহফুজুর রহমান। সেদিন বিকেলে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের ছোড়া গুলিতে মাহফুজুর রহমানের মাথায় গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এই ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটিতে সালমান এফ রহমান ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, জসিম ১৫ নম্বর এবং আতিকুল ইসলাম ২০ নম্বর এজাহারভুক্ত আসামি।