গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:২৬ পিএম

অনলাইন সংস্করণ

#

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এতদিন কোটি দর্শকের ভালোবাসা আর বক্স অফিসে রাজত্ব করলেও তার ঝুলিতে এই সম্মাননা ছিল না। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যা তার অভিনয় জীবনের এক বিরাট স্বীকৃতি।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শাহরুখ খানের হাতে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তুলে দেন।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি। সিনেমাটিতে তার অভিনয় সমালোচক এবং দর্শক সবার কাছেই প্রশংসিত হয়েছিল।

১৯৮৯ সালে ছোট পর্দায় 'ফৌজি' ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাই চরিত্রে অভিনয় করে শাহরুখ প্রথম দর্শকদের নজর কাড়েন। এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’ এবং ‘পাঠান’-এর মতো একের পর এক সফল ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন তারকা নন, বরং একজন পরিণত অভিনেতা।

সমালোচকরা মনে করেন, শাহরুখের অভিনয়ে আবেগ, আন্তরিকতা এবং নিজস্ব এক বিশেষ আকর্ষণ আছে। দর্শকদের সঙ্গে তার সম্পর্ক কেবল চরিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি সবার কাছে এক অনুভূতির নাম। ৩৩ বছর পর পাওয়া এই জাতীয় স্বীকৃতি যেন তার প্রতি সময়ের এক ঋণশোধ।