প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন।
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) বিচারিক আদালত আসামিদের সাজা দিয়েছিল। তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেন।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। গত ১ জুন আপিল বিভাগ সেই আবেদন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ পৃথক আপিল দায়ের করে। রাষ্ট্রপক্ষ দাবি করেছিল যে বিচারিক আদালতের দেওয়া সাজা যথাযথ ছিল এবং সেটিই বহাল রাখা উচিত। অন্যদিকে, আসামিপক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে।
আপিল বিভাগে এই মামলার শুনানি শুরু হয় গত ১৭ জুলাই এবং এরপর ধারাবাহিকভাবে আরও পাঁচ দিন শুনানি চলে। শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিনটি নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।