গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ১১:১৩ পিএম

অনলাইন সংস্করণ

#

২০২৭ সাল পর্যন্ত টেস্টের নেতৃত্ব শান্তর কাঁধে

বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তিনি ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন।


শনিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে যে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত শান্তই টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।


গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর হঠাৎ করেই শান্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ না খেলায় নতুন অধিনায়ক নিয়োগের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শান্ত পুনরায় লাল বলের নেতৃত্বে ফিরছেন।


২০২৩ সালে প্রথমবারের মতো নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের নেতৃত্ব পান। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে দুটি টেস্টে জয় লাভ করেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে বাংলাদেশ ৪টি টেস্টে জয় পেয়েছে, ১টি ড্র করেছে এবং ৯টিতে হেরেছে।



গত বছর শান্ত তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন। তবে টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় তিনি এই বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তাঁকে হুট করেই ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।