প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫ , ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা বোর্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী নেওয়া হবে। তবে যারা অনিয়মিত বা মান্নোনয়ন পরীক্ষার্থী হিসেবে অংশ নেবে, তাদের অবশ্যই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে, এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত হলেও এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। গত ২৩ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয় ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে। ওই পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে সব শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।