প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫ , ০৬:৩৮ এএম
অনলাইন সংস্করণ
এখনই প্রকৃতির দিকে নজর না দিলে ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশ একদিন মুছে যাবে। লাগামছাড়া উন্নয়নের রাশ টানতে সবাইকে এভাবে সতর্ক করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, পরিস্থিতির বদল না হলে গোটা রাজ্যটাই একদিন হাওয়ায় মিলিয়ে যাবে।
সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পর্দিওয়াল ও বিচারপতি আর মাধবনের ডিভিশন বেঞ্চ গতকাল শুক্রবার এক মামলায় এই উদ্বেগ প্রকাশ করে জনস্বার্থে একটি মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। সেই মামলায় হিমাচল প্রদেশ সরকারকে চার সপ্তাহের মধ্যে মতামত জানাতে বলেছেন।
হিমাচল প্রদেশের এক হোটেল সংস্থা নির্মাণকাজে বাধা পেয়ে হাইকোর্টে মামলা করেছিল। নির্মাণকাজে বাধা দিয়েছিল রাজ্য সরকার। গত জুনে রাজ্যের শহর ও শহরতলি উন্নয়ন পর্ষদের ঘোষিত ‘গ্রিনজোন’ এলাকায় ওই নির্মাণকাজ চালানো হচ্ছিল। এর বিরুদ্ধে ওই হোটেল সংস্থা হাইকোর্টে মামলা করে।