ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন?
ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দুনিয়ার 'ট্যারিফ কিং' বা 'শুল্ক বসানোর রাজা' ভারতের ওপর বুধবার ২৫ শতাংশ হারে পাল্টা শুল্ক – আর তার ওপর তথাকথিত 'রাশিয়া পেনাল্টি' – এই হুকুম জারির কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান।
পাকিস্তানের 'বিপুল খনিজ তেলের রিজার্ভ' সদ্ব্যবহার করতে আমেরিকা যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ঘোষণা করেন সে কথাও।
নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে এটাও লিখতে ভুললেন না – "কে জানে, একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে!"
অথচ ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফার মেয়াদে এই পাকিস্তান সম্বন্ধেই তিনি মন্তব্য করেছিলেন, "এরা আমাদের মিথ্যে আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি।"